রাজশাহী মহানগরীর ব্যবসায়িক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে একটি লিখিত আবেদনপত্র প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৯ জুন ২০২৬ তারিখে সাহেববাজারে অবস্থিত কারুশ্রী জুয়েলার্সে সংঘটিত চুরির ঘটনার পর রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা জোরদারের অংশ হিসেবে সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাস প্রদান করেন।
মাননীয় প্রশাসকের এ দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বুধবার (২৪ জুন ২০২৬) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে একটি লিখিত আবেদনপত্র প্রদান করা হয়। প্রশাসক মহোদয় আবেদনপত্রটি গ্রহণ করেন এবং বিষয়টির প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে বাজুস নেতৃবৃন্দ ব্যবসায়ীদের নিরাপত্তা ও নগরবাসীর স্বার্থে গৃহীত এ উদ্যোগের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সাহেববাজার স্বর্ণপট্টির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), রাজশাহী জেলা শাখার চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল ইসলাম (অপু), সাধারণ সম্পাদক জনাব মোঃ সামিউল ইসলাম (সুইট)সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে