কুমিল্লার চান্দিনা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি রয়েছে। আজ (২৩ জুন) চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দুই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মোঃ তমিজ উদ্দিন এবং কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম। গ্রেফতারের পর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পৃথক একটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন, দাউদকান্দি থানার ইছাপুর সাহাপাড়ার কেশব বিশ্বাস, ভিকতলা এলাকার মোঃ আনোয়ার হোসেন এবং চান্দিনা থানার পোনসাই গ্রামের মোঃ ফয়সাল আহাম্মেদ। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, চান্দিনার দোল্লাই নবাবপুর ইউনিয়নের বিচুন্দাইর উত্তর পাড়া গ্রামের মোঃ আব্দুল্লাহ এবং মহিচাইল সমকাজী বাড়ির মোঃ ইউনুছ মিয়া। তাদেরকেও জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে