জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুমিল্লার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল আনন্দ, উচ্ছ্বাস আর আবেগের মেলবন্ধনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রয়াত সভাপতি রাশেদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই। তাঁর অকালপ্রয়াণে শোক প্রকাশের পাশাপাশি স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের ‘সভাপতি’ পদটি আজীবনের জন্য রাশেদকে উৎসর্গ করার ঘোষণা দেওয়া হয়।
এরপর আনন্দমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ১৯তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ১৪তম আবর্তনের বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে সম্মাননার মাধ্যমে বিদায় জানান অনুজরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রফিকুল আমিন, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান আবির এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. ওয়ালী উল্লাহ। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যতের দিকনির্দেশনা দেন এবং কুমিল্লা অ্যাসোসিয়েশনের এমন সুশৃঙ্খল ও চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের বর্তমান সাধারণ সম্পাদক এবং মার্কেটিং বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ইসফাক রাকিব। এ ছাড়া বিভিন্ন আবর্তনের প্রতিনিধিরাও নিজেদের অনুভূতি ব্যক্ত করেন; যাঁদের বক্তব্যে উঠে আসে ক্যাম্পাসের স্মৃতি, পারস্পরিক ভালোবাসা, নানা অভিজ্ঞতা ও ভবিষ্যতের প্রত্যাশা।
সবশেষে কুমিল্লা অ্যাসোসিয়েশনের বর্তমান সহসভাপতি এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী মো. সাইফুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই আয়োজনের পর্দা নামে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে