মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

কসমেটিকস বিক্রিতে অনিয়ম, যোগ্যতা ছাড়াই ত্বক নিয়ে পরামর্শ: জরিমানা ৫০ হাজার

চাঁদপুর শহরের মদিনা শপিং কমপ্লেক্সে আমদানিকারকের স্টিকার ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিদেশি কসমেটিকস বিক্রি, লাগেজ পণ্য বাজারজাত, ক্রেতাদের পণ্য ক্রয়ের রশিদ না দেওয়া এবং প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্য বিষয়ে পরামর্শ দেওয়ার অভিযোগে ‘কসমেটিকস ওয়ার্ল্ড’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে মদিনা শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।অভিযানকালে প্রতিষ্ঠানটিতে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে। একই সঙ্গে লাগেজ পণ্য বিক্রি, পণ্য ক্রয়ের রশিদ না রাখা এবং সংশ্লিষ্ট বিষয়ে কোনো একাডেমিক যোগ্যতা না থাকা সত্ত্বেও সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্য ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়।এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করে।এ সময় কসমেটিকস ওয়ার্ল্ডের কর্ণধার ছাদিউর রহমান ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।অভিযানের অংশ হিসেবে মদিনা শপিং কমপ্লেক্সের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কসমেটিকস বিক্রিতে অনিয়ম, যোগ্যতা ছাড়াই ত্বক নিয়ে পরামর্শ: জরিমানা ৫০ হাজার