বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্ট কর্তৃক আয়োজিত ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-২০২৬-এর শ্রেষ্ঠ ক্যাডেট (পুরুষ) নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক।
গত ১৪ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সাভারের বাইপাইলে অবস্থিত বিএনসিসি ট্রেনিং একাডেমিতে ময়নামতি রেজিমেন্টের আয়োজনে ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-২০২৬ অনুষ্ঠিত হয়। ময়নামতি রেজিমেন্টের অধীনস্থ ১০টি জেলা থেকে আগত পাঁচটি ব্যাটালিয়নের মোট ৫৫৪ জন ক্যাডেট এ ক্যাম্পে অংশগ্রহণ করেন।
ক্যাম্পে তিনটি বিভাগে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচন করা হয়। বিভাগগুলো হলো—জুনিয়র ডিভিশন, সিনিয়র ডিভিশন (মহিলা) এবং সিনিয়র ডিভিশন (পুরুষ)। ড্রিল, লিখিত পরীক্ষা, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলা, সাংস্কৃতিক কার্যক্রমসহ ক্যাম্পের বিভিন্ন কার্যক্রমে সামগ্রিক পারফরম্যান্স বিবেচনা করে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচন করা হয়।
ক্যাম্পে ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিককে ময়নামতি রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়নের সম্মিলিত ব্যাটালিয়ন সার্জেন্ট মেজর (BSM) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। ক্যাম্পে ক্যাডেটদের সর্বোচ্চ পদমর্যাদার নন-কমিশন্ড অফিসার (NCO) হিসেবে তিনি ক্যাডেটদের শৃঙ্খলা, দৈনন্দিন রুটিন, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও কমান্ড কাঠামো বজায় রাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের পাশাপাশি ক্যাম্পের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমে ধারাবাহিক দক্ষতা প্রদর্শন করেন তিনি। ক্যাম্পের সার্বিক মূল্যায়নে তার নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের পারফরম্যান্স বিবেচনায় তাকে সিনিয়র ডিভিশন (পুরুষ) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত করা হয়।
ক্যাম্পের সমাপনী সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদের কাছ থেকে তিনি শ্রেষ্ঠ ক্যাডেটের পুরস্কার গ্রহণ করেন।
এ বিষয়ে ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “শ্রেষ্ঠ ক্যাডেটের এ স্বীকৃতি আমার একার অর্জন নয়; এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্রত্যেক সদস্যের জন্য গর্বের। একটি বড় পরিসরের ক্যাম্পে ময়নামতি রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়নের সম্মিলিত BSM হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য যেমন সম্মানের ছিল, তেমনি ছিল বড় একটি দায়িত্ব। এই দায়িত্ব পালনের সময় যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও বিএনসিসির আদর্শ ধারণ করে দেশ ও সমাজের জন্য কাজ করে যেতে চাই।”
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিকের এ অর্জন প্লাটুনের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানজনক। এত বড় পরিসরের একটি সম্মিলিত ক্যাম্পে ব্যাটালিয়ন সার্জেন্ট মেজর হিসেবে দায়িত্ব পালন এবং একই সঙ্গে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হওয়া তার নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দক্ষতার প্রতিফলন। আমরা আশা করি, তার এই অর্জন প্লাটুনের অন্যান্য ক্যাডেটদেরও আরও দায়িত্বশীল ও দক্ষ হয়ে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।”
কুবি বিএনসিসি মহিলা প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোছা. শামসুন্নাহার বলেন, “ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক ক্যাম্পে দায়িত্বশীলতা ও নেতৃত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশংসনীয়। তার এ অর্জনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সবাই গর্বিত।”
উল্লেখ্য, ‘জ্ঞান ও শৃঙ্খলা’ মূলমন্ত্রকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন-৯, ময়নামতি রেজিমেন্টের সেনা শাখার অধীনে নিয়মিত সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন জাতীয়, সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে