চাঁদপুর শহরের নাজির পাড়া রোডের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শরিফ উদ্দিন আহমেদ পলাশ। একই সঙ্গে চাঁদপুর সরকারি কলেজ মাঠে তরুণ-কিশোরদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নাজির পাড়া রোডে পৌরসভার ড্রেনেজ ও ব্লক স্থাপনের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন শরিফ উদ্দিন আহমেদ পলাশ। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে তরুণ ও কিশোরদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।
এ সময় তরুণ-কিশোরদের উদ্দেশে শরিফ উদ্দিন আহমেদ পলাশ বলেন, “শরীর ও মন ভালো রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।”
তিনি বলেন, “চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে এমপি মহোদয়কে সহযোগিতা করতে হবে।”
শরিফ উদ্দিন আহমেদ পলাশ আরও বলেন, “আমরা বিশেষ করে ১২ নম্বর ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।”
তিনি উন্নয়ন কার্যক্রমের মান বজায় রাখার পাশাপাশি এলাকার তরুণদের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ সাথে ছিলেন।
বিষয় : বিএনপি

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে