বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দেওয়া এক অভিনন্দন বার্তায় উপাচার্য জাবিপ্রবি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বার্তায় অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বর্ণাঢ্য কর্মজীবন ও রাজনৈতিক প্রজ্ঞা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় ও শিক্ষণীয়। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে পৌরসভার চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী এবং বিএনপির মহাসচিব হিসেবে তাঁর দীর্ঘ পথচলার কথাও উল্লেখ করেন তিনি।
জাবিপ্রবি উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন ত্যাগ, আপসহীনতা ও দীর্ঘ সংগ্রামের দৃষ্টান্ত। দেশের গণতান্ত্রিক উত্তরণ ও সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর দীর্ঘ পথচলা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস বলেও উল্লেখ করেন তিনি।
অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও ধন্যবাদ ও অভিনন্দন জানান জাবিপ্রবি উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পেয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করে অধ্যাপক ড. আমির হোসেন বলেন, তাঁর সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও প্রাজ্ঞ নেতৃত্ব দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও মুক্তবুদ্ধি চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান সাংবিধানিক দায়িত্ব পালনে তাঁর পূর্ণ সাফল্য কামনা করেন জাবিপ্রবি উপাচার্য।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পান ৮৮ ভোট।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে