বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। ২০২২ সালে স্বপ্ন পূরণের পরও তিনি আবারও জাতীয় দলের জার্সিতে বিশ্বমঞ্চে ফিরছেন। ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল রেকর্ডও গড়তে যাচ্ছেন তিনি। সাম্প্রতিক ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন মেসি, যা আর্জেন্টিনা ভক্তদের জন্য স্বস্তির খবর।
কোচ লিওনেল স্কালোনির দলে রয়েছে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের দারুণ সমন্বয়। গোলপোস্টে নির্ভরতার প্রতীক এমিলিয়ানো মার্টিনেজ, মাঝমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ, আর আক্রমণে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজ প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন।
বিশ্বকাপ জিতলে আর্জেন্টিনা হবে ১৯৬২ সালের পর প্রথম দল যারা টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হবে। একই সঙ্গে এটি হবে দেশটির চতুর্থ বিশ্বকাপ শিরোপা। ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আলবিসেলেস্তেরা এবারও শিরোপার অন্যতম দাবিদার।
বাংলাদেশে আর্জেন্টিনা মানেই আবেগের আরেক নাম। নীল-সাদা পতাকা, মেসির জার্সি আর রাত জেগে খেলা দেখা, সবকিছু আবারও ফিরতে শুরু করেছে। ভক্তদের একটাই আশা, মেসির হাত ধরে আরও একবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা।
"একবার বিশ্বচ্যাম্পিয়ন, এবার লক্ষ্য ইতিহাস গড়া। ভামোস আর্জেন্টিনা!"

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে