নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে পানি উন্নয়ন বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আশিক ইকবাল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এতে কাজ বন্ধ হয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বড় ধরনের আর্থিক ক্ষতির অভিযোগও সামনে এসেছে।
জানা যায়, “Re-sectioning & Retired Embankment Dwarf Embankment from Km. 0.393 to Km. 1.193” শীর্ষক প্রকল্পের আওতায় পোল্ডার ৭৩/২ এলাকায় বেড়িবাঁধ সংস্কার কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান “M/S. Shahid Brothers”। কাজটির e-Tender ID: 1237555 এবং প্যাকেজ নম্বর NDR/H/W-04/2025-26।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নোয়াখালী পানি উন্নয়ন বিভাগে দেওয়া এক লিখিত অভিযোগে বলা হয়, কার্যাদেশ পাওয়ার পর তারা কাজ শুরু করে এবং ইতোমধ্যে Re-sectioning অংশের কাজ শেষ করে। পরে Retired Embankment অংশের কাজ শুরু করতে দুইটি এক্সকাভেটর সাইটে নিয়ে আসা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ মে উপ-সহকারী প্রকৌশলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংসদ সদস্যের প্রতিনিধির উপস্থিতিতে মিলাদ পড়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা হয়। তবে একই দিন বিকেলে আশিক ইকবাল ও তার লোকজন এসে কাজ বন্ধ করে দেয়। পরদিন ২১ মে পুনরায় কাজ শুরু করলে তারা আবারও লোকজন নিয়ে এসে সাইট ম্যানেজারকে মারধরের চেষ্টা করে এবং জোরপূর্বক কাজ বন্ধ করে দেয়।
ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বেড়িবাঁধের অ্যালাইনমেন্ট নিয়ে তিন দফা পরিমাপ ও আলোচনা শেষে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত স্থানেই কাজ করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করা হলেও বাধার মুখে পড়ে প্রকল্পটি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে আনা দুইটি এক্সকাভেটর প্রায় আটদিন অলস পড়ে থাকায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। পরিস্থিতির কারণে তারা বাধ্য হয়ে সাইট থেকে মেশিন সরিয়ে নিয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলীকে অবহিত করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়। একইসঙ্গে কাজ বন্ধ করে দেওয়ার ছবি ও ভিডিও নিজেদের কাছে সংরক্ষিত আছে বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা আশিক ইকবাল প্রতিদিনের কাগজকে বলেন, জমি সংক্রান্ত বিষয়ের কারনে বেড়িবাঁধের কাজটি বন্ধ রাখা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত কাজ সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
বিষয় : বিএনপি নোয়াখালী হাতিয়া অনিয়ম বিএনপি নেতা

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে