আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার একটি খামারে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল বিরল এলবিনো জাতের মহিষ ‘নেতানিয়াহু’। অবশেষে হালকা গোলাপি রঙের বিশালাকৃতির এই মহিষটি বিক্রি হয়েছে সাড়ে ৬ লাখ টাকায়।
খামার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ মে) ঢাকার এক রাজনৈতিক নেতা মহিষটি কিনে নেন। তবে তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।
এসএস কেটেল খামার কর্তৃপক্ষ জানায়, এলবিনো জাতের এই বিরল মহিষটি প্রথমে খামারে আনার সময় এর ওজন ছিল প্রায় ৩০০ কেজি। দীর্ঘদিন ধরে বিশেষ পরিচর্যা, প্রাকৃতিক খাবার ও নিয়মিত যত্নের মাধ্যমে বর্তমানে এর ওজন দাঁড়ায় প্রায় ৭০০ কেজিতে।
খামারের সহকারী ব্যবস্থাপক মাজহারুল হক বলেন, এলাকার মানুষ শখ করেই মহিষটির নাম রেখেছেন ‘নেতানিয়াহু’। নামটির কারণে মানুষের মধ্যে বাড়তি আগ্রহ ও কৌতূহল তৈরি হয়। প্রতিদিন শত শত দর্শনার্থী শুধু এক নজর দেখার জন্য খামারে ভিড় করতেন।
তিনি আরও জানান, গোলাপি রঙের দানবীয় এই মহিষটি কুরবানির জন্য বিক্রি হয়ে গেলেও দর্শনার্থীদের আনাগোনা এখনও কমেনি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এ অঞ্চলে সচরাচর এত বড় আকৃতির এবং এমন ভিন্ন রঙের মহিষ দেখা যায় না। ফলে কুরবানির ঈদকে সামনে রেখে ‘নেতানিয়াহু’ এখন পুরো বন্দর উপজেলায় আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে