হাইকোর্ট থেকে জামিন আদেশ পাওয়ার পরও জেলগেটে প্রয়োজনীয় কাগজপত্র না পৌঁছানোয় আপাতত মুক্তি মিলছে না ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের। জামিননামা কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছায়নি বলে তাকে এখনই মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ। তিনি জানান, মানবিক বিবেচনায় ছয় মাসের জামিনের বিষয়টি তারা শুনেছেন, তবে সংশ্লিষ্ট জামিনের চিঠি এখনো কারাগারে এসে পৌঁছায়নি। কাগজপত্র হাতে পাওয়ার পরই নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
এর আগে একই দিন স্ত্রী ও মাত্র ৯ মাস বয়সী সন্তান হারানোর ঘটনায় মানবিক দৃষ্টিকোণ থেকে জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে