বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
The Dhaka News Bangla

মেসিকে জড়িয়ে আবেগে ভাসলেন স্কালোনি, বললেন ‘তোমাকে অনেক ভালোবাসি’

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে দারুণ এক জয়ে। কানসাস সিটিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের সবচেয়ে বড় নায়ক ছিলেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে এনে দেন স্বস্তিদায়ক জয়।তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে কোচ লিওনেল স্কালোনি ও মেসির আবেগঘন একটি মুহূর্ত। ম্যাচের ৮০তম মিনিটে মেসিকে তুলে নিয়ে তরুণ মিডফিল্ডার নিকো পাজকে মাঠে নামান স্কালোনি। মাঠ ছাড়ার পর ডাগআউটে ফিরতেই মেসিকে শক্ত করে জড়িয়ে ধরেন আর্জেন্টিনা কোচ। সেই সময় আবেগে আপ্লুত হয়ে তার চোখে জলও দেখা যায়।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই মুহূর্তের কথা স্মরণ করে স্কালোনি বলেন, “ওকে জড়িয়ে ধরেছি,  এবং  বলেছি তোমাকে অনেক ভালোবাসি। এর বাইরে আর কিছু বলার ছিল না। এমন একজন ফুটবলারের সঙ্গে এত বছর কাজ করতে পারা সত্যিই বিশেষ কিছু।”মেসির ভবিষ্যৎ নিয়েও আবেগঘন মন্তব্য করেন বিশ্বকাপজয়ী এই কোচ। তার ভাষায়, “যেদিন মেসি ফুটবল থেকে বিদায় নেবে, সেদিন আমরা তাকে ভীষণভাবে অনুভব করব। তাই যতদিন সে মাঠে আছে, আমাদের উচিত তার প্রতিটি মুহূর্ত উপভোগ করা।”এদিকে হ্যাটট্রিকের পর নিজের প্রথম গোল উদযাপনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মেসিও। ক্যামেরায় ধরা পড়ে তার চোখের জল। পরে এর ব্যাখ্যা দিতে গিয়ে আর্জেন্টাইন অধিনায়ক জানান, সাম্প্রতিক কিছু ব্যক্তিগত কারণ তাকে মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে ফেলেছিল।মেসি বলেন, “গত কয়েকটা দিন আমার জন্য সহজ ছিল না। তবে দলের সবাই সব সময় আমার পাশে ছিল। তাদের সমর্থন ও ভালোবাসাই আমাকে শক্তি দিয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মেসি। আর সেই পারফরম্যান্সের পর কোচ স্কালোনির আবেগঘন প্রতিক্রিয়া যেন আরও একবার মনে করিয়ে দিল মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আর্জেন্টিনা দলের হৃদয়েরও নাম।

মেসিকে জড়িয়ে আবেগে ভাসলেন স্কালোনি, বললেন ‘তোমাকে অনেক ভালোবাসি’