নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্ট
সাংবাদিকতার নিবন্ধনপ্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হলেও নিবন্ধন ছাড়া কাউকে সাংবাদিকতা করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্র সবার জন্য সহজ ও উন্মুক্ত হওয়া প্রয়োজন। তবে অনুমোদনহীন অনলাইন নিউজ পোর্টাল কিংবা ফেসবুক পেজ খুলে সাংবাদিকতা করার সুযোগ থাকা উচিত নয়। এ ক্ষেত্রে নিবন্ধনপ্রক্রিয়া সহজ করা হবে, কিন্তু নিবন্ধনের বাধ্যবাধকতা বহাল থাকবে।রোববার (২৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা যেটাকে মোজো জার্নালিজম বলি, আমরা চাই আমার সাংবাদিকতা সহজ ও উন্মুক্ত হোক। কিন্তু চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারছি, যেটার অনুমোদন নেই, ফেসবুকে একটা পেজ খুলে, এটা হবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধিত ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবে না।’সাংবাদিকতার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়েও প্রশ্ন ওঠে। তবে এ বিষয়ে ভবিষ্যতে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।একই অনুষ্ঠানে তথ্যপ্রবাহের স্বাধীনতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সরকার সাধারণত তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ বা বন্ধ রাখতে চায় না। কিছু সংবেদনশীল তথ্য ছাড়া সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব তথ্য জনগণের সামনে তুলে ধরার বিষয়ে তারা কাজ করবেন।তিনি আরও বলেন, একটি সমাজের ভারসাম্য বজায় রাখতে জবাবদিহি ও নজরদারির ব্যবস্থা থাকা জরুরি। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার কী করছে এবং কী করছে না, তা জানার সুযোগ জনগণের থাকতে হবে। সরকারের প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানার অধিকার নাগরিকদের রয়েছে।গণতান্ত্রিক পরিবেশে দাবি আদায়ের প্রক্রিয়া নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তাঁর মতে, গণঅভ্যুত্থানের পর বিভিন্ন বিষয়ে সহিংস হয়ে ওঠার একটি প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় সহিংসতা কোনো সমাধান হতে পারে না। বরং দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের যথেষ্ট সুযোগ রয়েছে।তথ্য কমিশনের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এমনকি অনেক শিক্ষিত মানুষও তথ্য কমিশনের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে অবগত নন। এ পরিস্থিতিতে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তথ্য অধিকারের অ্যাম্বাসেডর হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন উপদেষ্টা।‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও তথ্য কমিশন বাংলাদেশের যৌথ আয়োজনে আলোচনা সভা এবং তথ্য মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, রাষ্ট্র পরিচালনার প্রতিটি পর্যায়ে জনগণের অর্থ ব্যয় হয়। সেই অর্থ কোন খাতে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা জানার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। একই সঙ্গে তথ্য কমিশনের নিরপেক্ষতা ও কার্যকারিতা বজায় রাখতে জনগণের সচেতন অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।