রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
The Dhaka News Bangla

ডেঙ্গু প্রতিরোধে হাইমচরে পরিচ্ছন্নতা অভিযান, প্রতি শনিবার চলবে কার্যক্রম

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে হাইমচরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময়  উপজেলা অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন রশীদ গাজী, আলগী-বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি খোরশেদ আলম কোতোয়ালসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্কাউটস, রেড ক্রিসেন্ট, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।ভার্চুয়ালি উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়, এজন্য সবাইকে সচেতন হতে হবে। সামনে আরও বৃহৎ পরিসরে এ কর্মসূচির আয়োজন করা হবে এবং পরিচ্ছন্নতার বিষয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে।তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতি শনিবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর প্রজননস্থল কমানোর পাশাপাশি উপজেলার সামগ্রিক পরিবেশও আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।

 ডেঙ্গু প্রতিরোধে হাইমচরে পরিচ্ছন্নতা অভিযান, প্রতি শনিবার চলবে কার্যক্রম