ফরিদগঞ্জে বজ্রপাতে কৃষক নুরনবীর মৃত্যু, রেখে গেলেন তিন মাসের কন্যাসন্তান
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বজ্রপাতে মো. নুরনবী (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।নিহত নুরনবী ওই ইউনিয়নের সাইসাঙ্গা নোয়া বাড়ির বাসিন্দা। তিনি মো. মনির হোসেন ও খাতেজা বেগমের ছেলে। জীবিকার তাগিদে কৃষিকাজ করতেন নুরনবী। তাঁর বাবা একজন রিকশাচালক।স্থানীয় সূত্রে জানা যায়, ৫ জুন (শুক্রবার) সকালে কৃষিকাজ করতে যান নুরনবী। কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নুরনবীর অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ও মাত্র তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের নুরনবী কৃষিকাজের মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।এদিকে বজ্রপাতে তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা নিহতের বাড়িতে ভিড় জমান। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।