নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজ এলাকায় বসবাস করছে। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে সুবর্ণচরের বাসা থেকে হাতিয়ার চানন্দী ইউনিয়নের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে একটি সুবর্ণ বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে যান এবং পেট, হাত ও পায়ে আঘাত পান। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রাথমিকভাবে তার আঘাত গুরুতর মনে হয়নি এবং তিনি নিজেই উঠে দাঁড়িয়েছিলেন।
পরে তাকে চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই দুপুর সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।
সোহেল মাহমুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে