চান্দিনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক নারী উদ্যোক্তার ভুয়া অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ইসরাত জাহান পপি চান্দিনার মহিচাইল বাজারে ‘আনিশা বিউটি পার্লার’ পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় অভিযুক্তরা এআই প্রযুক্তির অপব্যবহার করে তার আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।
ঘটনার দিন গত ৭ মে দুপুরে অভিযুক্ত রুবেল, জামাল ও হানিফ ওই বিউটি পার্লারে ঢুকে ভুক্তভোগীকে পুনরায় কু-প্রস্তাব দেয় এবং ভয়ভীতি দেখায়। তারা জোরপূর্বক পপির মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে শ্লীলতাহানি করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯-এ কলের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
এই ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর পুলিশ শুক্রবার (৮মে) ভোরে অভিযান চালিয়ে রুবেল ও জামালকে গ্রেপ্তার করে। মামলার অপর আসামি হানিফ বর্তমানে পলাতক রয়েছে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন যে, প্রযুক্তির অপব্যবহার করে চাঁদাবাজি ও হেনস্তার মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দারা এআই প্রযুক্তির এমন অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে