গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ধরিত্রী দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়েছে। ‘পৃথিবীর প্রতি মানুষের ঋণ শোধের অন্যতম উপায় হলো বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে শিশুদের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে সফিপুরের আল ফারাবী ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোর্শেদা হক।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ চারা তুলে দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। আল ফারাবী ক্যাডেট স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এ কে এম ফজলুল হক সরকার তার বক্তব্যে বলেন, “প্রকৃতি আমাদের আগলে রাখে, কিন্তু নগরায়নের ফলে আমরা প্রতিনিয়ত গাছ হারিয়ে ফেলছি। আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে একটি করে গাছ তুলে দেওয়ার অর্থ হলো একটি সুন্দর ও সবুজ পৃথিবীর স্বপ্ন বুনে দেওয়া। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন একটি করে গাছ বড় করার দায়িত্ব নেয়।”
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মোজাম্মেল হক এবং সদস্য মাহমুদুল হাসান মন। এছাড়াও স্থানীয় সচেতন তরুণদের মধ্যে উপস্থিত ছিলেন ফয়সাল মাহমুদ, আল আমিন রাকিব, অনিক মাহমুদ ও মোস্তাকিন হাসান মনিরসহ অনেকে।
পুরো আয়োজনটির নেতৃত্বে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রফুল্ল’। সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মোঃ শামিম হোসাইন এবং এক্সিকিউটিভ মেম্বার ওমর ফারুক চৌধুরী মাঠ পর্যায়ে কর্মসূচীটি সমন্বয় করেন। এছাড়াও প্রফুল্ল’র পরিচালনা পর্ষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা এই বৃক্ষ বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার এই বার্তা শুধু একদিনের জন্য নয়, বরং নতুন প্রজন্মের অভ্যাসে পরিণত করতেই তারা স্কুল পর্যায়ে এমন কর্মসূচি অব্যাহত রাখবেন। অনুষ্ঠান শেষে স্কুলের বাগান ও শিক্ষার্থীদের আঙিনায় রোপণের জন্য কয়েকশ চারাগাছ উপহার দেওয়া হয়।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে