শনিবার, ১৫ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাকিবের বিনম্র শ্রদ্ধা

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত একটি পোস্ট শেয়ার করে শ্রদ্ধা জানান সাকিব।পোস্টে লেখা ছিল, ‘মহাকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’ একই সঙ্গে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়।১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে এক নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ঘটনায় তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল নিহত হন।এ ছাড়া বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, তাঁর সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করা হয়।একই দিনে বঙ্গবন্ধুর ভাগনে ও যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও হামলা চালানো হয়। সেখানে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি নিহত হন।এ ছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় আবদুল নঈম খানকেও হত্যা করা হয়।সে সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। দিনটিতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল।তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্তর্বর্তীকালীন সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে। সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাকিবের বিনম্র শ্রদ্ধা