দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোর বিভিন্ন খাতে শ্রমিকের ঘাটতি পূরণে সরকারি উদ্যোগে দক্ষ জনশক্তি পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে দক্ষ অভিবাসন ও কর্মসংস্থান সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।১৩ নভেম্বর কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়নে কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বলেন, কসোভোর যেসব খাতে দক্ষ কর্মীর সংকট রয়েছে, সেসব খাতে বাংলাদেশি পেশাজীবীদের কাজের সুযোগ তৈরিতে দুই দেশ যৌথভাবে উদ্যোগ নিতে পারে। দক্ষ অভিবাসনের মাধ্যমে এ সহযোগিতা বাস্তবায়নের প্রস্তাব দেন তিনি। কসোভোর মন্ত্রী প্রস্তাবটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।বৈঠকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। এ লক্ষ্যে বহুপক্ষীয় ফোরামে নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা, রাজনৈতিক পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।এ ছাড়া পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার ও রিসাইক্লিং, প্রযুক্তি হস্তান্তর, বর্জ্য ব্যবস্থাপনা এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালুর মতো বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা, জ্ঞান ও সর্বোত্তম চর্চা বিনিময়ের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।বৈঠকে কসোভোর মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপি বন্যা, পানি ব্যবস্থাপনা ও বায়ুর গুণগত মান নিয়ে তার দেশের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। পাশাপাশি রিসাইক্লিং ও বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জবাবে শামা ওবায়েদ ইসলাম বন্যা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।এ সময় কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। শামা ওবায়েদ ইসলাম তাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।বৈঠকে শামা ওবায়েদ ইসলাম কসোভোর মন্ত্রীর হাতে পাটের তৈরি একটি হস্তশিল্প উপহার দেন। পাশাপাশি প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেন। এ ছাড়া কপ৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের জন্যও তাকে আমন্ত্রণ জানান।