সোনার হার ও কানের দুলের জন্য মাকে হত্যা, ট্রাঙ্কে লুকিয়ে রাখেন মরদেহ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকার নিয়ে বিরোধের জেরে মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ছেলের বিরুদ্ধে। হত্যার পর বন্ধুর সহযোগিতায় মায়ের মরদেহ বস্তায় ভরে বাড়ির একটি ট্রাঙ্কে লুকিয়ে রাখেন তিনি। এ ঘটনায় থানায় মায়ের নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে পুলিশের সন্দেহের মুখে আটক হন ওই ছেলে। পরে তাঁর বন্ধু ও এক স্বর্ণ ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামের একটি বাড়ির ট্রাঙ্ক থেকে মতিফুল (৬০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সরোয়ার হোসেনের স্ত্রী।পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহতের ছোট ছেলে আশরাফ আলী (২৪) পেশায় রাজমিস্ত্রি। বিভিন্ন সময়ে টাকা চাওয়াকে কেন্দ্র করে মা-বাবার সঙ্গে তাঁর বিরোধ হতো। মায়ের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আশরাফ মাদক গ্রহণে অভ্যস্ত ছিলেন।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আশরাফ ও তাঁর বন্ধু রাহিমের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার বাড়িতে মা ছাড়া পরিবারের অন্য কেউ ছিলেন না। এ সুযোগে আশরাফ মায়ের গলার সোনার হার ও কানের দুল চেয়ে চাপ দেন। মা গয়না দিতে অস্বীকৃতি জানালে রাহিমের সহযোগিতায় তাঁর গলায় ওড়না পেঁচিয়ে এবং মুখ চেপে ধরে শ্বাসরোধ করা হয়।পুলিশের ভাষ্য, হত্যার পর আশরাফ ও রাহিম মিলে মরদেহটি একটি বস্তায় ভরে বাড়ির বড় ট্রাঙ্কে লুকিয়ে রাখেন। পরে নিহতের গলা থেকে প্রায় এক ভরি স্বর্ণালংকার খুলে নিয়ে পাশের মৈত্র বড়হর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরের কাছে ৬৯ হাজার টাকায় বিক্রি করেন।ওসি আরও জানান, মঙ্গলবার রাতে আশরাফ ও রাহিম থানায় গিয়ে মতিফুল নিখোঁজ হয়েছেন জানিয়ে জিডি করতে আসেন। তবে জিডি করার বিষয়ে তাঁদের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনা ও সিদ্ধান্তহীনতা পুলিশের নজরে আসে। এতে সন্দেহ হওয়ায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।অন্যদিকে, বাড়ির একটি কক্ষ থেকে পচা গন্ধ বের হওয়ায় পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ বাড়িতে গিয়ে ট্রাঙ্কের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। আশরাফ ও রাহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে স্বর্ণ ব্যবসায়ী জলিল ফকিরকেও আটক করা হয়।ওসি মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।