মাঠে ১০ টাকার সবজি ঢাকার বাজারে ৬০ থেকে ৭০ টাকা
শীতকালীন সবজির উৎপাদন বাড়লেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। ঠাকুরগাঁওয়ে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। বাঁধাকপির দাম ৭ থেকে ৮ টাকা, বেগুন প্রতি কেজি ৪ টাকা এবং মুলা বিক্রি হচ্ছে মাত্র ২ টাকা কেজি দরে। একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে চুয়াডাঙ্গাতেও।কৃষকদের ভাষ্য, কয়েক দিন আগেও যে সবজি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা কেজিপ্রতি মাত্র ১০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করে ফসল ফলালেও শেষ পর্যন্ত ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তাঁরা।কৃষকদের এই সংকটের পেছনে রয়েছে উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয়মূল্যের বড় ব্যবধান। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ এবং শ্রমিকের মজুরি বাবদ খরচ মেটাতে গিয়ে বিপুল অর্থ বিনিয়োগ করতে হচ্ছে। কিন্তু ফসল বিক্রির সময় সেই অর্থও তুলতে পারছেন না অনেক চাষি। ফলে ঋণ পরিশোধ এবং পরবর্তী মৌসুমে চাষাবাদের খরচ জোগানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।এক কৃষক জানান, প্রায় দুই লাখ টাকা খরচ করে সর্বোচ্চ ৭০ থেকে ৮০ হাজার টাকার ফসল বিক্রি করতে পারছেন তাঁরা। বাকি অর্থ লোকসান হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ীরা প্রতি কেজি সবজিতে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত লাভ করছেন বলে অভিযোগ তাঁদের। কৃষকদের দাবি, উৎপাদন ও বাজারজাতকরণের মধ্যবর্তী পর্যায়ে ব্যবসায়ীদের মুনাফা বাড়লেও সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।অন্যদিকে কৃষকরা নামমাত্র দামে সবজি বিক্রি করলেও খুচরা বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং উৎপাদনস্থল থেকে ঢাকার বাজারে পৌঁছাতে কয়েক দফা হাতবদলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম। পরিবহন ও আনুষঙ্গিক ব্যয়ের কথা উল্লেখ করে বেশি দামে সবজি বিক্রি করছেন ব্যবসায়ীরা।স্থানীয় বিক্রেতারা জানান, বর্তমানে পাতাকপি ৩০ টাকা, বেগুন ৬০ টাকা এবং শিম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাঁদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় সবজি পরিবহনের ব্যয়ও বেড়েছে। তবে কৃষকদের কাছ থেকে কম দামে সবজি কিনে ঢাকায় নিয়ে বিক্রি করা ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি মুনাফা করছেন বলে স্বীকার করেন তাঁরা। অনেক ক্ষেত্রে ৫ থেকে ৬ টাকা পিস দরে কেনা সবজি রাজধানীর বাজারে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে।এ বিষয়ে ঠাকুরগাঁও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, জেলার বাইরে সবজির সরবরাহ ও চাহিদা কমে যাওয়ায় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, আগের বছরগুলোতে ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় বন্যা ও জলাবদ্ধতার কারণে সবজির আবাদ ব্যাহত হতো। ফলে ওই অঞ্চলগুলোতে ঠাকুরগাঁওয়ের উৎপাদিত সবজির চাহিদা তৈরি হতো। কিন্তু চলতি বছর বন্যা না হওয়ায় সেসব এলাকায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। এতে ঠাকুরগাঁওয়ের সবজির চাহিদা কমেছে এবং জেলার বাইরে সরবরাহও কমে গেছে।এদিকে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজি নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, মধ্যবর্তী পর্যায়ে কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্য বিক্রির মাধ্যমে বাজারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছেন। তাঁদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি, প্রশাসনের সহযোগিতায় যাতে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে জন্য মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।কৃষক পর্যায়ে কম দামে বিক্রি হওয়া সবজি ভোক্তাদের কাছে পৌঁছাতে কয়েক গুণ বেশি দাম নেওয়ার এই ব্যবধান দূর করতে কার্যকর বাজার তদারকি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষক যেন উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান এবং ভোক্তারাও সহনীয় দামে সবজি কিনতে পারেন, সে জন্য মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণের দাবি উঠেছে।