বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে পৌঁছান পরীমণি। এর ১৫ মিনিট পর, অর্থাৎ বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।আবেদনের ওপর শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তিনি জানান, বুধবার আদালত তার মক্কেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।এর আগে বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত থাকলেও আদালতে উপস্থিত হননি পরীমণি। তার আইনজীবীর পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা গ্রহণ করেননি। পরবর্তী সময়ে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়।পরীমণির অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানিয়েছিলেন, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে তার মক্কেল আদালতে হাজির হতে পারেননি। এ কারণে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণের আবেদন করা হয়েছিল।আদালত সূত্রে জানা যায়, বুধবার মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে পরীমণিসহ তিন আসামির জামিন বাতিলের আবেদন করেন। ওই আবেদনের শুনানির সময় আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত পরীমণির জামিন বাতিল এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমণি