ঢাকায় নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস
রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। নারী যাত্রীদের জন্য পৃথক এ বাস সার্ভিস মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ‘পিংক বাস’ নামে পরিচিত এই সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো, বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে।[TECHTARANGA-POST:9008]এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।বিআরটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালনার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।রাজধানীর গণপরিবহনে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের দৈনন্দিন চলাচলের অন্যতম প্রধান মাধ্যম গণপরিবহন।তবে দীর্ঘদিন ধরেই গণপরিবহনে অতিরিক্ত ভিড়, আসন সংকট, হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং নিরাপত্তাজনিত নানা অভিযোগ রয়েছে। এসব বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিআরটিসির নতুন এই সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা তুলনামূলক স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াতকারী নারীদের জন্য এ ধরনের বাস কার্যকর ভূমিকা রাখতে পারে।পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে। গণপরিবহনে নারী চালকের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম হওয়ায় নারী কর্মীদের মাধ্যমে বিশেষ বাস পরিচালনার উদ্যোগকে পরিবহন খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে গণপরিবহনের অন্যান্য ক্ষেত্রেও নারীদের আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ তৈরি হতে পারে।এদিকে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর খবরে নারী যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীরা নতুন সার্ভিসটি কোন কোন রুটে চলবে, কী সময়সূচি থাকবে এবং কীভাবে পরিচালিত হবে এসব বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন।মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে নতুন এই ‘পিংক বাস’ রাজধানীর নারী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প গণপরিবহন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।