মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সংবিধান লঙ্ঘন: সিইসিকে চিঠি

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সংবিধান ও সুপ্রিম কোর্টের রায় যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না, এমন অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত আবেদন করেছেন একজন সচেতন নাগরিক ও ভোটার মো. মামুন হাওলাদার।আবেদনে তিনি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬(গ) এবং ৬৬(২ক) অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিদেশি নাগরিক বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি আইনগতভাবে বিদেশি নাগরিকত্ব ত্যাগ না করা পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। অথচ সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন কেবল নাগরিকত্ব ত্যাগের আবেদন দাখিল করা হয়েছে, এমন যুক্তিতে কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করছে, যা সংবিধানের স্পষ্ট বিধান ও আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক।আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং ১৬৪৬৩/২০২৩ মামলার আদেশে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন-“নাগরিকত্ব ত্যাগের আবেদন গৃহীত ও চূড়ান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশি নাগরিক হিসেবেই বিবেচিত থাকবেন; কেবল আবেদন করলেই নাগরিকত্ব ত্যাগ সম্পন্ন হয় না।” এই আদেশ বর্তমানে আপিল বিভাগেও বহাল রয়েছে।মো. মামুন হাওলাদারের অভিযোগ, নির্বাচন কমিশন আপিল শুনানির সময় প্রার্থীদের কাছ থেকে এফিডেভিট আকারে অঙ্গীকারনামা গ্রহণ করে মনোনয়ন বৈধ ঘোষণা করছে, যা আইনসিদ্ধ নয়। একই সঙ্গে আপিল বিভাগে দেওয়া আদেশ পুনর্বিবেচনার আবেদনও কমিশন গ্রহণ করছে, যা নির্বাচন কমিশনের এখতিয়ারের বাইরে পড়ে।এ বিষয়ে আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, বিদেশি নাগরিকত্ব আইনগতভাবে বাতিল না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারেন না। সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কেবল ‘প্রক্রিয়াধীন আবেদন’-এর ভিত্তিতে মনোনয়ন বৈধ করা হয়, তাহলে তা সংবিধান লঙ্ঘনের পাশাপাশি নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থাকে ক্ষুণ্ন করবে।তিনি আরও বলেন, আপিল বিভাগে দেওয়া আদেশ পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করা নির্বাচন কমিশনের আইনগত ক্ষমতার মধ্যে পড়ে না। সংবিধান ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জযোগ্য হবে এবং ভবিষ্যতে গুরুতর সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। আবেদনে মো. মামুন হাওলাদার প্রধান নির্বাচন কমিশনারের কাছে সংবিধান, প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসরণ করে দ্বৈত নাগরিকত্ব সংশ্লিষ্ট সব আপিল ও মনোনয়ন বিষয়ে দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সংবিধান লঙ্ঘন: সিইসিকে চিঠি