শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
The Dhaka News Bangla

স্বামীর দাফন শেষে মুন্সিগঞ্জ কারাগারে ফিরেছেন দীপু মনি

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে প্রিজন ভ্যানে করে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে তিনি স্বামীর দাফন কার্যক্রমে অংশ নেন।দাফন শেষে বেলা ৩টা ১৫ মিনিটে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি বনানী থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়।বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।এর আগে, বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে নিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যান।দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ তাঁর মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে প্যারোলে মুক্তির আদেশ দেন। তাঁর প্যারোলের সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়।প্যারোলে মুক্তির পর ঢাকায় স্বামীর জানাজা ও দাফনে অংশ নেন দীপু মনি। পরে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

স্বামীর দাফন শেষে মুন্সিগঞ্জ কারাগারে ফিরেছেন দীপু মনি