শনিবার, ২১ নভেম্বর ২০২৬
The Dhaka News Bangla

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ, ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জন্মদিন পালন করছেন।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে রাজনৈতিক ঐতিহ্যের মধ্যেই তার বেড়ে ওঠা। তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজেকে রাজনৈতিক সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাকে। জীবনের বিভিন্ন পর্যায়ে প্রতিকূলতা, কারাবাস, নির্যাতনের অভিযোগ এবং দীর্ঘ প্রবাসজীবনের অভিজ্ঞতা তার রাজনৈতিক যাত্রাকে নানা মাত্রায় প্রভাবিত করেছে।তারেক রহমানের শৈশব ও বেড়ে ওঠায় পরিবারে শৃঙ্খলা, নৈতিকতা, দেশপ্রেম এবং নিয়মানুবর্তিতার গুরুত্ব ছিল বলে বিভিন্ন সময়ে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক উত্তরাধিকার থাকলেও দলীয় রাজনীতিতে তার আনুষ্ঠানিক পদচারণা শুরু হয় তৃণমূল পর্যায় থেকে। পরবর্তী সময়ে সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপিতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের অবস্থানে উঠে আসেন তিনি।ঢাকার শাহীন হাই স্কুল অ্যান্ড কলেজে তার শিক্ষাজীবনের সূচনা হয়। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। তার শিক্ষাজীবনের সেই সময়ে মা বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিচ্ছিলেন।১৯৮৮ সালে বগুড়ার গাবতলী, তার পৈতৃক এলাকায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজের রাজনৈতিক দক্ষতার পরিচয় দেন।২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। ওই সময় কারাগারে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন তিনি। ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার পর তার জীবনে শুরু হয় দীর্ঘ প্রবাস অধ্যায়।বিদেশে অবস্থান করেও বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। লন্ডনে ১৭ বছরের বেশি সময় অবস্থান করেও দলকে সংগঠিত রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করেন তিনি।২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়। দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর রাষ্ট্র পুনর্গঠন, উন্নয়ন এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর দেশের সরকারপ্রধানের দায়িত্বে আসেন তিনি।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের বিভিন্ন অঞ্চল সফর এবং রাষ্ট্র পরিচালনার নানা কার্যক্রমে অংশ নিচ্ছেন তারেক রহমান। আধুনিক, মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার কথা তুলে ধরেছেন তিনি ও তার দলের নেতারা।এবারের জন্মদিনে বড় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি বলে জানা গেছে। তবে জন্মদিন উপলক্ষে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ