হাইমচরে গাঁজা ও ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
চাঁদপুরের হাইমচরে পুলিশের পৃথক অভিযানে ৩৫ গ্রাম গাঁজা ও দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে দুইজনকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে হাইমচর থানার পুলিশ সদস্যরা উত্তর বগুলা সর্দার বাড়ি জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা সর্দার বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে হাইমচর উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর এলাকার আলগী বাজার থেকে তেলির মোড়গামী সড়কে রিক (এনজিও) কার্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশের আরেকটি দল। এ সময় হাইমচর উপজেলার মহজমপুর এলাকার আবুল হাসেম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়।হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। গাঁজা উদ্ধারের অভিযানে পিএসআই সৌরভ দাশ এবং ইয়াবা উদ্ধারের অভিযানে এসআই আমিনুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দায়িত্ব পালন করেন।পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার দুইজনকে মঙ্গলবার (১৩ অক্টোবর) যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।