অনুশীলনে ব্যথা অনুভব করলেন মার্তিনেজ, দুশ্চিন্তায় আর্জেন্টিনা
বিশ্বকাপের প্রথম ম্যাচের আর মাত্র কয়েকদিন বাকি। এমন সময় আর্জেন্টিনা শিবিরে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের অন্যতম ভরসার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।সম্প্রতি চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন এই তারকা গোলরক্ষক। মেডিকেল পরীক্ষার ফলও ছিল ইতিবাচক। সেই আত্মবিশ্বাস নিয়েই গ্লাভস হাতে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু অনুশীলনের দ্বিতীয় দিনেই আবারও অস্বস্তি অনুভব করেন মার্তিনেজ, যা দলের কোচিং স্টাফ ও সমর্থকদের চিন্তায় ফেলেছে।অনুশীলনের শুরুতে স্বাভাবিকভাবেই বল ধরার কাজ করছিলেন তিনি। তবে কিছুক্ষণ পর ডান হাতের আঙুলে ব্যথা অনুভব করলে গ্লাভস খুলে ফেলেন। এরপর সতীর্থ গোলরক্ষকদের সঙ্গে হালকা ফুট টেনিস খেলায় অংশ নেন। সেখানে অন্যদের হাতে গ্লাভস থাকলেও মার্তিনেজকে দেখা যায় খালি হাতে।যদিও অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে তিনি হাসিমুখে ‘থাম্বস আপ’ দেখিয়ে জানান, পরিস্থিতি খুব বেশি গুরুতর নয়। তবুও আর্জেন্টিনা শিবির তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।জানা গেছে, ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্মআপ চলাকালে ডান হাতের অনামিকা আঙুলে চোট পান মার্তিনেজ। পরে পরীক্ষায় সেখানে হাড় ভাঙার বিষয়টি ধরা পড়ে। সেই চোট থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি।গত বৃহস্পতিবার প্রথমবারের মতো গ্লাভস পরে অনুশীলনে ফিরলেও পুরোপুরি স্বস্তিতে নেই এই গোলরক্ষক। দ্বিতীয় দিনের সেশনে দুই হাত ব্যবহার করলেও কিছু সময়ের মধ্যেই আবার ব্যথা অনুভব করেন। আঙুলে বিশেষ ব্যান্ডেজ ব্যবহার করে সুরক্ষা দেওয়া হয়েছিল, তবুও অস্বস্তি পুরোপুরি কাটেনি।বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুন। কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়। এখন দেখার বিষয়, ম্যাচের আগে মার্তিনেজ পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন কি না। কারণ আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম বড় ভরসা এই অভিজ্ঞ গোলরক্ষককে ছাড়াই মাঠে নামার ঝুঁকি নিতে চাইবে না দলটি।