রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিগ্রামভিত্তিক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ২ জুলাইয়ের এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, গত ১ জুলাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, কল্যানাংশু নাহা ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামে একটি টেলিগ্রাম গ্রুপে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গত ২৬ জুন অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন। ওই বৈঠকের ভিডিও ও অডিও রেকর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, ওই বৈঠকে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় তুলে ধরেন এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা ব্যক্ত করেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালার পরিপন্থী বলে মনে করছে প্রশাসন।
এ পরিপ্রেক্ষিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ধারা ৪৩(৪) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এমপ্লয়িজ (এফিসিয়েন্সি অ্যান্ড ডিসিপ্লিন) স্ট্যাটিউটস অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কল্যানাংশু নাহা বলেন, ‘চিঠিটি বিভাগে পৌঁছেছে বলে জেনেছি। আমি এখনও হাতে পাইনি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’
বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে