ফেনী ইউনিভার্সিটি, ১৪ এপ্রিল ২০২৬: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন নব উল্লাসে মেতে উঠেছে কোটি বাঙালির হৃদয়। উৎসব, উদ্দীপনা আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের মধ্য দিয়ে ফেনী ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩।
১৪ এপ্রিল সকাল ১১:০০ টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বোর্ড অব ট্রাস্টিজ-এর সম্মানিত সদস্য আবদুস সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য জনাব মো. আলতাফ হোসাইন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক সোহরাব হোসেন, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক আহমদ মাহবুব-উল-আলম এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুবুর রহমান টিপু, প্রক্টর মোঃ আয়াতুল্লাহ, ছাত্র উপদেষ্টা সুদীপ দাস, বিভিন্ন অনুষদের সম্মানিত চেয়ারম্যানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সাত্তার বলেন, "বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের শেকড়ের পরিচয় বহন করে। ফেনী ইউনিভার্সিটি দেশীয় সংস্কৃতি লালন ও প্রসারে যে অগ্রণী ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। নববর্ষের এই নবস্পৃহা আমাদের ছাত্র-ছাত্রীদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।"
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম বলেন, "পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নতুন বছরের এই শুভক্ষণে আমাদের অঙ্গীকার হোক একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। ফেনী ইউনিভার্সিটি জ্ঞানচর্চার পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য লালনে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক।"
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ফেনী ইউনিভার্সিটি কালচারাল ক্লাব। গ্রামীণ লোকজ সংস্কৃতির আবহে বর্ণিল সাজে সেজেছিল পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। মাটির হাঁড়ি থেকে শুরু করে আল্পনা খচিত হাতপাখা, কুলা আর দেশীয় নকশার নিখুঁত কারুকাজ উৎসবের আমেজকে করে তোলে প্রাণবন্ত।
অনুষ্ঠানের আহ্বায়ক এবং ক্লাবের মডারেটর বৃষ্টি দত্ত বলেন, "সংস্কৃতি ও ঐতিহ্যের চিরন্তন পথে হেঁটে ফেনী ইউনিভার্সিটি পরিবার আবারও এই পরিচিত প্রাঙ্গণে সমবেত হয়েছে। নতুন বছরকে বরণ করে নেওয়ার এই উৎসবে যে নতুন সম্ভাবনা ও নবস্পৃহার সঞ্চার হয়েছে, তা আমাদের আগামীর পথচলায় সৃজনশীলতার পরিচয় দেবে।"
উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল ১২:০০ ঘটিকা থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লোকসংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলার আবহমান রূপ তুলে ধরেন। মেলা ও সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস এক মিলনমেলায় পরিণত হয়।

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে