ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিচারিক কাজে বাধা প্রদান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগে এই নোটিশ দেওয়া হয়।
রোববার (১৮ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারির মধ্যে রুমিন ফারহানাকে জেলা প্রশাসকের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশ অনুযায়ী, গত ১৭ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে রুমিন ফারহানা একটি বৃহৎ স্টেজ নির্মাণ করে ৪০০ থেকে ৫০০ জনের উপস্থিতিতে নির্বাচনী জনসভা করেন। সেখানে তিনি মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেন, যা নির্বাচন আচরণবিধি ২০২৫-এর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জনসভা বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন বলে নোটিশে অভিযোগ করা হয়। একপর্যায়ে তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে বলেন, “আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাইখেন।”
নোটিশে আরও বলা হয়, এ সময় রুমিন ফারহানার সঙ্গে থাকা ব্যক্তিরাও মারমুখী আচরণ করেন এবং একটি মব পরিস্থিতি তৈরি হয়, যা বিচারিক কার্যক্রমে সরাসরি বাধা সৃষ্টি করে। এসব কর্মকাণ্ড নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করা হয়েছে।
প্রসঙ্গত, সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য আসনটি ছেড়ে দেয়। সেখানে দলটির পক্ষে প্রার্থী হয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে।
এদিকে, ছড়িয়ে পড়া ভিডিওতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ করে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, “আজকে ভদ্রতার সঙ্গে বলছি, নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাব না।” এ সময় উপস্থিত কয়েকজনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বক্তব্য দিতেও দেখা যায়।
ম্যাজিস্ট্রেট তখন আচরণবিধি ভঙ্গের বিষয়টি উল্লেখ করলে রুমিন ফারহানা বলেন, “সব জায়গাতেই হচ্ছে, আপনারা কিছুই করতে পারেন না।”

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে