সাজেকে গুলিবিনিময়ের ঘটনায় আহত সেনা-পুলিশের অন্তত ৫ সদস্য
রাঙ্গামাটির সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সেনাবাহিনী ও পুলিশের অন্তত পাঁচ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির পুলিশ সুপার আব্দুর রকিব।বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।পুলিশ সুপার বলেন, সাজেকে অবস্থানরত পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উজোবাজার এলাকায় সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে সেনাবাহিনীর তিন থেকে চারজন সদস্য এবং পুলিশের দুজন সদস্য আহত হন।তিনি আরও জানান, একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে পাল্টা গুলি চালান বাহিনীর সদস্যরা। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে এ গুলিবিনিময় চলে।পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উজোবাজার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সাজেকে অবস্থানরত সব পর্যটক নিরাপদে এলাকা ছেড়েছেন।ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।