শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

‘আমি কোনো দলের নই, আমি সবার’ বিজয়ের পর জামায়াত প্রার্থী

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কামরুল হাসান। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তিনি এক আবেগঘন প্রতিক্রিয়ায় বিভেদ ভুলে সবাইকে নিয়ে ‘ঐক্যবদ্ধ ফুলবাড়ীয়া’ গড়ার আহ্বান জানিয়েছেন।প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা যায়, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে মো. কামরুল হাসান ৭৫,৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা (ফুটবল) পেয়েছেন ৫২,৬৬৯ ভোট।ফলাফল ঘোষণার পর গভীর রাতে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মো. কামরুল হাসান আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এই বিজয়কে ফুলবাড়ীয়ার ছাত্র, শিক্ষক, শ্রমিক এবং আপামর জনগণের বিজয় বলে অভিহিত করেন।বক্তব্যে তিনি বলেন, “আমি কোনো অঞ্চলের নেতা হতে চাই না, কোনো দলের নেতা হতে চাই না। আমি উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম—ফুলবাড়ীয়ার প্রতিটি জনপদের মানুষের সাথে মিলেমিশে একাকার হয়ে বেঁচে থাকতে চাই”।বিজয়ী ভাষণে কামরুল হাসান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিও সম্মান প্রদর্শন করেন। তিনি বলেন, “আমার সহযোদ্ধা যে চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা মনে করি আপনারাও ফুলবাড়ীয়ার সম্পদ। নির্বাচনে একজন বিজয়ী হবেন এটাই স্বাভাবিক। কিন্তু আমি বিজয়ী হয়েছি মানে এই নয় যে, আমি একাই ফুলবাড়ীয়াকে গড়ে তুলতে পারব”।তিনি ফুলবাড়ীয়া পুনর্গঠনে তরুণ সমাজ এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, “সকল প্রতিহিংসা, সকল অনৈক্য পেছনে ফেলে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি”।বক্তব্যে তিনি ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে কোনো প্রকার বিজয় মিছিল না করার ঘোষণা দেন। তিনি বলেন, “আমাদের আমিরে জামায়াতের ঘোষণা, আমরা কোনো বিজয় মিছিল করতে চাই না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে দুই রাকাত নামাজ পড়ব”।রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর করা ফলাফল শিট অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২,৩০,৭৮১ এবং ভোট পড়ার হার ৫৬.৯২%। ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন পেয়েছেন ৫১,২৩৪ ভোট, ধানের শীষ প্রতীকে মো. আখতারুল আলম ৪৮,৯৯৪ ভোট, হাতপাখা প্রতীকে মোঃ নূরে আলম সিদ্দীকি ১,৯৩৮ ভোট পেয়েছন।

‘আমি কোনো দলের নই, আমি সবার’ বিজয়ের পর জামায়াত প্রার্থী