বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী নির্দেশ দিয়েছেন যে, যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং তাদেরকে এমন নির্দেশনা দেন।বিজিবি মহাপরিচালক পরিদর্শনকালে নির্বাচনের জন্য বিজিবির প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনকালীন যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির কার্যক্ষমতা পর্যালোচনা করেন।একই সঙ্গে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বিজিবি মহাপরিচালক সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে বিজিবি সদস্যদেরকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।নির্বাচনকালীন যেকোনো নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক।ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সর্বোচ্চ সংখ্যক টহল পরিচালনা এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।ভোটার এবং সাধারণ জনগণের প্রতি ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলে বিজিবি মহাপরিচালক দৃঢ় আশাবাদ প্রকাশ করেছেন।

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: বিজিবি মহাপরিচালক