ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের দিন সাধারণ ভোটার বা অন্য কেউ ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠান। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইলফোন বহনে সাধারণ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।তবে দায়িত্ব পালনের স্বার্থে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা-২০২৬’ অ্যাপ ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির দুজন সদস্য।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাটি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।