রোববার, ২৯ মার্চ ২০২৬
The Dhaka News Bangla

নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ: ইসি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ও নির্বাচন-সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিপুল সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য মোট ২ হাজার ৯৮ জন নির্বাহী এবং ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।ইসির তথ্য অনুযায়ী, নির্বাচনী অপরাধ দ্রুত আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত প্রক্রিয়ায় বিচার সম্পন্ন নিশ্চিত করতে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা ভোটগ্রহণের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরবর্তী দুই দিন, মোট পাঁচ দিন দায়িত্বে থাকবেন। এ দায়িত্বকাল ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী আচরণবিধি কার্যকর রাখতে উপজেলা ও নির্বাচনী থানাগুলোতে ন্যূনতম দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ হিসেবে বর্তমানে ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠপর্যায়ে কাজ করছেন।এর পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং মোবাইল কোর্ট ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী আরও ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন, মোট সাত দিন দায়িত্ব পালন করবেন। এ সময়সূচি ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। সব মিলিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালনে ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে সক্রিয় থাকবেন, যা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

নির্বাচনে ২,০৯৮ নির্বাহী ও ৬৫৭ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ: ইসি