কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের তেঘরিয়া এলাকায় টমেটো ক্ষেত কেটে প্রায় তিন লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং কেরনখাল ইউনিয়নের তেঘরিয়া চতর বাড়ির বাসিন্দা মোঃ মমতাজ (৫৫) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার ছয়ঘরিয়া হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মোঃঅলিউল্লাহ প্রকাশ অলু (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।লিখিত অভিযোগে বলা হয়, গত ২৫ মার্চ ২০২৬ তারিখে তেঘরিয়া বাগমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে হৃদয় নামে এক ব্যক্তির ঘরে অলিউল্লাহ, হৃদয় ও অজ্ঞাতনামা আরও একজন সারারাত মাদক সেবন করে। বিষয়টি জানতে পেরে ভোরে স্থানীয় লোকজনসহ মমতাজ সেখানে গিয়ে তাদের আটক করেন। এ সময় হৃদয় মমতাজের ভাতিজা হওয়ায় তাকে শাসন করলে সে পালিয়ে যায়।
অপরদিকে অলিউল্লাহকে শাসন করলে সে উপস্থিত লোকজনের সামনে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং পরে দেখে নেওয়ার হুমকি দেয়।এরপর গত ২৭ মার্চ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মমতাজ ও তার স্ত্রী ফরিদা বেগম বাগমারা মাদ্রাসার উত্তর পাশে অবস্থিত তাদের ১৫ শতক জমির টমেটো ক্ষেত দেখতে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান অলিউল্লাহ তাদের জমির আইলে দাঁড়িয়ে গাঁজা সেবন করছে। তাদের দেখে সে গাঁজা সেবনের জন্য আহ্বান জানায় এবং অশ্লীল ভাষায় গালাগালি করে।
এ ঘটনায় তারা কোনো প্রতিবাদ না করে বাড়িতে ফিরে যান।পরদিন ২৮ মার্চ ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে টমেটো ক্ষেতে গিয়ে তারা দেখতে পান ক্ষেতের সব টমেটো গাছ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী কৃষক।পরে বিষয়টি এলাকাবাসীকে জানানো হলে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অভিযুক্ত অলিউল্লাহকে এলাকায় খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগী মমতাজ জানান, ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চান্দিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে