চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সংঘটিত একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করে মাত্র ৭ ঘণ্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত সময়ের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার আওতাধীন ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ইয়াকুব প্রধানের এমএসপি এগ্রো নামক গরুর খামারের উত্তর-পশ্চিম পাশে একটি টিনশেড ঘর থেকে মনজুর আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের কাছে উঠে আসে, খামারের শ্রমিক সাগর হোসেনের সঙ্গে ভিকটিমের কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে মনজুর আহমেদের মাথার পেছনে আঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীবের নির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। এসআই জীবন চৌধুরীর নেতৃত্বে দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি সাগর হোসেন (২৩)-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঘরিয়াডাঙ্গা এলাকায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে