চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ২টায় হাজীগঞ্জ বাজারস্থ বিশ্বরোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লার মুরাদনগর এলাকার মো. ইসমাইল হোসেন (৩৫) এবং একই জেলার দাউদকান্দি এলাকার মো. মহসীন মিয়া (৪০)।
হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা জানান, রাতে পিকআপটি সংকেত দিলে ডাকাত দলের সদস্যরা পিকআপ থামিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয় এবং তাদের সঙ্গে থাকা ১টি ধারালো রামদা, ১টি চাপাতি, ১টি দেশীয় তৈরি ধারালো ছুরি, ১টি টি লোহার কাটার, ৩টি লোহার রড, ১টি লোহার শাবল, ৩টি পুরাতন সুতি গামছা, ৫টি ধারালো ব্লেড, ও ৩টি কালো রঙের মাস্ক উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।

রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে