মাগুরায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে মামলা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতার করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) এই মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজোয়ান কবির সদর থানায় মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা, পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা ও একটি স্থানীয় ব্যায়ামাগারের পরিচালক হাসান মাসুদ এবং পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা ওসমান আলী মোল্লা। মামলার এজাহারে তাদের নাম উল্লেখ রয়েছে।
এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা শহরের জামরুলতলা এলাকার লতা কমিউনিটি সেন্টারের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু সদস্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও অপপ্রচার চালানোর উদ্দেশ্যে সমবেত হন। এ সময় তারা মিছিল করেন এবং বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া এনামুল হক হীরকের স্ত্রী লাতিফা পারভিন। তিনি বলেন, সেখানে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড হয়নি। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়, এরপর দেশ ও নেতা–কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া হয় এবং সবশেষে মোনাজাত করা হয়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও তিনি দাবি করেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এনামুল হক হীরকের নেতৃত্বে কয়েকজন নেতা ও কর্মী সড়কের পাশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং মোনাজাত করেন। পরে তারা সেখান থেকে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এনামুল হককে বলতে শোনা যায়, গত ৫ আগস্টের পর দীর্ঘদিন দলীয় কার্যালয় বন্ধ ছিল। নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড চালুর আহ্বান জানান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানিয়েছেন, নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একটি মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তার হওয়া চার আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার, ০৭ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে