চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজারের গরুর বাজার, মাছ বাজার ও ৫ টি সিএনজি স্ট্যান্ড ইজারার সিডিউল জমা দিতে গিয়ে এই ঘটনা ঘটে।
যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজীর অনুসারীরা পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধান, যুগ্ন সাধারন সম্পাদক বিল্লাল হোসেন ফরাজী, বিএনপি নেতা আমিনুল হক সরকার’ সহ অন্যান্যদের সিডিউল জমা দিতে বাঁধা প্রয়োগ করার অভিযোগ উঠেছে।
মারামারির ঘটনায় আহতরা হলেন-বিএনপি নেতা বদরুজ্জামান (৫৫), সায়েম (২০) ও সফিউল্লাহ (৩৫)সহ ৫ জন।
যুবদল নেতা আবু সাঈদ বেপারী বলেন, সিডিউল জমা দেয়ার সময় ছিল দুপুর ১ টা পর্যন্ত। তারপর কয়েকজন সিডিউল নিয়ে জমা দিতে আসলে আমরা বাঁধা দিয়েছি। এতে তারা আমাদের সফিল্লাহ (৩৫) কে মারধর করে।
অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও পৌর বিএনপির সভাপতি নান্নু প্রধান বলেন, প্রশাসনের কারসাজিতে একপক্ষের সিডিউল জমা নেয়া হয়। এই টেন্ডারের বক্স উপজেলা, থানা ও পৌরসভায় দেয়ার কথা থাকলেও শুধুমাত্র পৌরসভায় টেন্ডার বক্স রাখা হয়।
তারা আরো বলেন, সিডিউল জমা দিতে যুবদল নেতা আবু শেখ সাইদ সহ তার সাঙ্গপাঙ্গরা ও পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজী অনুসারীরা বাঁধা দেয়। এসময় বিএনপি নেতা বদরুজ্জামানের মাথায় রক্তাক্ত জখমসহ কয়েকজনকে আহত করে তারা।
তারা দাবী করেন, ছেঙ্গারচর পৌরসভার এই হাট-বাজার ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, সিডিউল জমা নিয়ে দুপক্ষের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ বিষয়ে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি বলেন, একপক্ষ আরেক পক্ষকে বাঁধা দেয়ার বিষয়টি জেনেছি। সেখানে পুলিশ ও সেনাবাহিনী ছিল। নির্দিষ্ট সময়ের ৫ মিনিট আগে তারা এসেছে। এখন সিডিউল জমা দিতে না পারলে তারা ফৌজদারী আইনে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার সাতটি স্থানের বিপরীতে সাতটি সিডিউলই জমা পড়েছে।
বিষয় : সংঘর্ষ

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে