সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ কার্যক্রম শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দলের এ অবস্থানের কথা তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বর্তমান সংবিধানে এ ধরনের পরিষদের বিধানও অন্তর্ভুক্ত নেই। তার ভাষ্য অনুযায়ী, গণভোটের মাধ্যমে এ পরিষদ গঠনের সিদ্ধান্ত হলে সেটি আগে সংবিধানে যুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের কে এবং কীভাবে শপথ পড়াবেন, সে বিষয়েও সাংবিধানিক বিধান প্রয়োজন।
তিনি আরও জানান, এ সংক্রান্ত ফরম সংবিধানের তৃতীয় তফসিলে অন্তর্ভুক্ত হওয়া এবং তা সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হওয়ার পরই শপথের বিধান কার্যকর করা সম্ভব। বিএনপি এ পর্যন্ত সংবিধান মেনেই চলেছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।দলীয় সিদ্ধান্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী জানানো হয়েছে বলেও উল্লেখ করেন এই বিএনপি নেতা।
পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উপস্থিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।
বিষয় : বিএনপি

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে