আর কয়েক ঘণ্টা অপেক্ষা। তারপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনে এসে বিএনপি ও ১১ দলীয় জোটের নেতারা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিএনপি বলছে, তারা নিজেদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি পক্ষ। অন্যদিকে, জামায়াতে ইসলামী বলছে, যত ষড়যন্ত্রই হোক, ১১ দলীয় জোট ভোটের মাঠ ছাড়বে না।
জানা গেছে, নির্বাচনের ঠিক আগ মূহুর্তে নানা অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে আসে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে কেউ বাঁধা দেয়ার চেষ্টা করলে জনগনকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। সে সঙ্গে অবিলম্বে ঠাকুরগাঁও জামায়তের আমিরকে তার পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান তিনি।
তার কিছুক্ষণ পরই সিইসির সঙ্গে বৈঠক করতে আসেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল খানের নেতৃত্বে প্রতিনিধি দল।
সৈয়দপুর বিমানবন্দরের ঘটনায় নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন যে, ভোটের আগের দিন এমন একটি ঘটনা ঘটেছে যা অনেক প্রশ্নের জন্ম দেয়। তিনি বলেন, নির্বাচনী পরিবেশের উন্নতির জন্য ইসি আরও কার্যকরী ভূমিকা পালন করতে পারতো।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সৈয়দপুর বিমানবন্দর থেকে টাকার ব্যাগসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের বিষয়ে সিদ্ধান্ত নেবে তাকে আটককারী কর্তৃপক্ষ।
উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছ কমিশন বলেও জানান আখতার আহমেদ।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে