নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কত টাকা বহন করা যাবে, সে বিষয়ে বলার এখতিয়ার তাদের নেই।
তিনি দাবি করেছেন যে, '৫০ লাখ নয়, পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো অসুবিধা নেই' - এমন বক্তব্য তিনি দেননি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি।
কত টাকা নেওয়া যাবে বা যাবে না এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘এটা বলার এখতিয়ার, অধিকার বা ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি।’
ইসি সচিব বলেন, ‘কোনো একটা অর্থের বিষয়ে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। আমি বলেছি, যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে অর্থের সোর্স, অ্যামাউন্ট এবং পারপাস অব দি ফান্ড এটার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন।’
এক্ষেত্রে আইনি ব্যাখার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘যারা এটা ইন্টারসেপ্ট করেছেন তারা দেবেন আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না।’
উল্লেখ্য, আজ দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে ৭৪ লাখ টাকা জব্দ করে পুলিশ।
এই ঘটনার পর, নির্বাচনী আইনে টাকা বহনের বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের বরাতে কিছু স্থানীয় গণমাধ্যম একটি বক্তব্য প্রচার করেছে।
যেখানে বলা হয়েছে, যদি টাকার উৎস এবং ব্যবহারের উদ্দেশ্য বৈধ হয়, তাহলে ৫০ লাখ নয়, এমনকি ৫ কোটি টাকা বহন করলেও আইনি কোনো বাধা থাকবে না।
বিষয় : ইসি সচিব

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে