আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলবে।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে বাকি ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি জানান, প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছেন ১ লাখ ৩ হাজার। এছাড়া পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্বে রয়েছেন।
প্রথমবারের মতো নির্বাচনের নিরাপত্তায় ইউএভি (ড্রোন) ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনাররা ভোটারদের দল বেঁধে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে।
ইসি জানিয়েছে, এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে তারা আশাবাদী।
দেশজুড়ে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
২৯৯টি আসনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন) এবং সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)।
এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। নিবন্ধিত ১০টি দল এবার কোনো প্রার্থী দেয়নি।
ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর পিরোজপুর-১ আসনে রয়েছে মাত্র ২ জন প্রার্থী।
নির্বাচন পরিচালনায় প্রায় ৮ লাখ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা ৬৯ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ৫৯৮ জন, প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার ৪ লাখ ৯৫ হাজার ৯৬৪ জন।
এছাড়া ২ হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।
নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি দেশীয় সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ ও সংস্থা থেকে ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে এসেছেন।
ইউরোপীয় ইউনিয়নসহ কমনওয়েলথ, আইআরআই ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
প্রবাসী ও দেশের অভ্যন্তরে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ৫ লাখ ৮০ হাজার ৬৬৫ জন এবং প্রবাসী ৪ লাখ ৮১ হাজার ১৮৫ জন ইতোমধ্যে ভোট প্রদান করেছেন।
নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখন নজর ভোটারদের অংশগ্রহণ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের দিকে। নির্বাচন কমিশন আশা করছে, উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
বিষয় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে