নির্বাচন যতই নিকটে আসছে, একটি দলের আচরণ ততই হিংস্র হয়ে উঠছে, মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি দল সারাদেশে ফ্যাসিস্টের নামে মামলা বাণিজ্য করছে এবং এখন বলছে, ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে।
‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের’ মতো ওই দলের নেতাকর্মীরা হামলা-মামলা সন্ত্রাসকে ক্ষমতার সিঁড়ি হিসেবে বেছে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্টেশন রোড এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মৌলভীবাজর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশের প্রচারণায় এ পথসভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবের আগে আপনারা দেখেছেন, ফ্যাসিস্ট আমলে এই পুরো বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি হয়েছিল। আমরা চাই না বাংলাদেশটি আগের মতো হোক। আমরা স্পষ্ট করেই বলেছিলাম যে, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হবে। আইনের শাসন অনুযায়ী সবার ন্যায়বিচার নিশ্চিত করা হবে। যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, গণহত্যার সঙ্গে জড়িত ছিল না এবং ফ্যাসিস্ট ছিল না তাদের প্রতি কোনো ধরণের অবিচার করা হবে না।’
‘কিন্তু আমরা দেখেছি, একটি দল সারাদেশে ফ্যাসিস্টের নামে মামলা করেছে এবং ব্যাপক মামলা বাণিজ্য শুরু করেছে। যখন ভোটের সময় আসে, তারা বলছে ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করা হবে। এটি জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা,’ বলেন তিনি।
একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে— পথসভায় এমন অভিযোগ তুলেন নাহিদ। তিনি বলেন, ‘১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে, যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি।’
একতরফা হামলা চলতে থাকলে ১১ দলও বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে