দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পেলেন জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক ও কলামিস্ট শাম্মী তুলতুল। আজ ২৬ জানুয়ারি, সাঙ্গুর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম দিনে আয়োজিত লেখক মতবিনিময় সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও কলামিস্ট হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী শাম্মী তুলতুলের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। এই আয়োজনে মোট দশজন লেখককে সম্মানিত করা হয়। উল্লেখ্য, দৈনিক সাঙ্গু তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।
শাম্মী তুলতুল একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, কলামিস্ট এবং নজরুল অনুরাগী। সাহিত্যের পাশাপাশি তিনি একজন সংবাদ উপস্থাপক, ভয়েস প্রেজেন্টার এবং দাবা খেলোয়াড় হিসেবেও পরিচিত। বেগম রোকেয়া চরিত্রের মডেল হিসেবেও তিনি কাজ করেছেন। একটি সম্ভ্রান্ত সাহিত্য ও সংস্কৃতিমনা মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেওয়া এই লেখকের ভারত ও বাংলাদেশ মিলিয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি।
শাম্মী তুলতুল ছোটবেলা থেকেই কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ, পূর্বদেশ এবং দৈনিক সাঙ্গুসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখছেন। দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই লেখকের লেখা জার্মানি, সিঙ্গাপুর, নিউইয়র্ক, অস্ট্রেলিয়া এবং প্যারিসের বিভিন্ন বাংলা পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। সাহিত্যকর্মের জন্য তিনি ইতোমধ্যে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শাম্মী তুলতুল বলেন, "দৈনিক সাঙ্গু প্রতিবারই তাদের নিজস্ব লেখকদের যথাযথ মূল্যায়ন করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। সাঙ্গু পরিবারের একজন লেখক হিসেবে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।"

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে