জ্ঞান, বিদ্যা ও সৃজনশীলতার প্রতীক বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ বছর অনুষদভিত্তিক ও কেন্দ্রীয় মন্দির মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট ১৪টি মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সমাজবিজ্ঞান অনুষদের মণ্ডপে দেখা গেছে সবচেয়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার, ২৩ জানুয়ারি, হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসের বিভিন্ন মণ্ডপে ভিড় করেন শিক্ষার্থীরা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজাকে কেন্দ্র করে পুষ্পাঞ্জলি, বাণী অর্চনা, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে বাগদেবী সরস্বতীর আরাধনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আলপনা ও আলোকসজ্জায় সাজানো হয়। কেন্দ্রীয় মন্দিরের পাশাপাশি সমাজবিজ্ঞান অনুষদ, বুদ্ধিজীবী চত্বর, কলা অনুষদ ও বিজ্ঞান অনুষদের সামনে শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নির্মিত মণ্ডপগুলোতে দিনভর ছিল উৎসবের আমেজ।
অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অয়ন্তিকা পাল বলেন, “এটি আমার বিশ্ববিদ্যালয় জীবনের দ্বিতীয় সরস্বতী পূজা। শিক্ষার্থীদের এই উৎসব ঘিরে আমরা সবাই অনেক আনন্দ করি। মণ্ডপ সাজানো থেকে শুরু করে আয়োজনের সব কাজেই আমরা নিজেরা যুক্ত ছিলাম। এবছর ১৪টি মণ্ডপে পূজা হওয়ায় ক্যাম্পাসজুড়ে উৎসবের অনুভূতি আরও বেড়েছে।”
একই বিভাগের শিক্ষার্থী অহনা হালদার বলেন, “আমাদের অনুষদে পূজা হওয়ায় আলাদা একটা ভালো লাগা কাজ করছে। শিক্ষার্থীরা মিলেই আয়োজন করেছি, শিক্ষকদেরও সহযোগিতা ছিল। বড় পরিসরে না হলেও বিশ্ববিদ্যালয়ে এক ধরনের জগন্নাথ হলের মতো পূজার পরিবেশ তৈরি হয়েছে।”
পূজায় অংশ নেওয়া আরেক শিক্ষার্থী শুভ বিশ্বাস বলেন, “সরস্বতী বিদ্যা ও শিল্পকলার দেবী। আমরা সবাই একসঙ্গে প্রার্থনা করেছি, যেন ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় থাকে এবং আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারি।”
সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক ও গবেষক রুনা সাহা বলেন, “শুভ পঞ্চমী তিথিতে আমরা বিদ্যাধাত্রী সুরেশ্বরীর বন্দনা করেছি। এই বন্দনার মূল কথা হলো বিদ্যা, সুর ও শিল্পের আরাধনা। আজ আমরা প্রার্থনা করেছি যেন সবাই সুজ্ঞান ও সুবিদ্যা লাভ করি এবং ঐকতানের সুরে সবাই একত্রিত হতে পারি।”
তিনি আরও জানান, “এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষদভিত্তিক ও কেন্দ্রীয় মন্দির মিলিয়ে প্রায় ১৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। পুরো আয়োজন এখন পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে। জাতি-ধর্ম নির্বিশেষে শিক্ষার্থীসহ আশপাশের এলাকার মানুষ পূজায় অংশ নিচ্ছেন ও প্রসাদ গ্রহণ করছেন।”
সরস্বতী পূজাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গড়ে উঠেছে শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা, যা দিনভর আনন্দ ও উৎসবের আবহ ছড়িয়ে দেয়।

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে