জনগণকে ১০ টাকা কেজি চাল দেওয়ার মতো নানা ধরনের কার্ড দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরাঞ্চলের উদ্দেশে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি বর্তমানে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী কখনোই মানুষকে কেনার রাজনীতিতে বিশ্বাস করে না। মানুষের জীবন ও মর্যাদার প্রতি সম্মান দেখিয়েই রাজনীতি করে দলটি। অথচ যারা নিজেরাই নানা অনৈতিক কাজে জড়িত, তারাই এখন এসব অভিযোগ অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। তিনি দাবি করেন, ১০ টাকা কেজি চালের মতো নানা প্রলোভনমূলক কার্ড দেখানো হচ্ছে এবং কোথাও কোথাও ভোটের আগে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিও শোনা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের ভোটাধিকারকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যা জামায়াত ঘৃণার চোখে দেখে।সরকার গঠনের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কোনো অলীক স্বপ্ন বা মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না। জনগণের ভোট, ভালোবাসা ও সমর্থনে দেশ সেবার সুযোগ পেলে বাস্তবতা ও যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানে কাজ করা হবে।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে জামায়াত আমির জানান, ইতোমধ্যে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হলেও অনেক জায়গায় তা এখনো পৌঁছায়নি। সময় কম থাকায় তিনি নির্বাচন কমিশনের প্রতি যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পাঠানো ও ফেরত আনা নিশ্চিত করা যায়। অন্যথায় বিষয়টি জাতির জন্য দুর্ভাগ্যজনক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। প্রবাসীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়া একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে দীর্ঘদিনের নানা বঞ্চনার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হবে।ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যে দল বা প্রার্থীকে ভালো লাগে, নিঃসংকোচে তাকেই ভোট দেওয়া উচিত। কারণ একটি ভোটই কোনো আসনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। ভোট শুধু একটি অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। গণভোট প্রসঙ্গে জামায়াত আমির জানান, রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রশ্নে জামায়াতে ইসলামী ‘হ্যাঁ’ ভোট দেবে।
তিনি আরও বলেন, জামায়াত এককভাবে নয়, বরং দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের পথে এগোতে চায়। ব্যতিক্রম থাকলেও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে